সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের জন্য সময়টা ভালো যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জেরার মুখে পড়তে যাচ্ছেন তিনি। আগামী সোমবার (১২ জানুয়ারি) থালাপতি বিজয়কে সিবিআই কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে টিভিকে-র প্রথম বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে লাখো মানুষের ঢল নামে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আয়োজকরা ব্যর্থ হলে এক পর্যায়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজন নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: মেহজাবীনের নাচ-কনকচাঁপার, গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’
ঘটনার পর গত অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি আমলে নেয়। বিচারপতি জে কে মহেশ্বরী ও এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে ন্যস্ত করেন।
পাশাপাশি তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যেখানে দুজন অভিজ্ঞ আইপিএস কর্মকর্তাও রয়েছেন।রাজনৈতিক অঙ্গনে সদ্য যাত্রা শুরু করা থালাপতি বিজয়ের জন্য এই আইনি জটিলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিবিআই মূলত জানতে চাইছে, সমাবেশের দিন নিরাপত্তা ব্যবস্থায় কী ধরনের ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের রাজনৈতিক দলের দায় কতটুকু।
আরও পড়ুন: ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর বিজ্ঞাপন
আগামী সোমবার সিবিআইয়ের সামনে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে দক্ষিণী এই সুপারস্টারকে।





