ঈদে ‘প্রেশার কুকার’ দাপট, তিন দিনে আয় ২৯.৩২ লাখ টাকা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কাড়ছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি বক্স অফিসেও দেখাচ্ছে ইতিবাচক প্রবণতা, প্রতিদিনই বাড়ছে এর আয়।

বাংলাদেশ মুভি রেটিং (বিএমআর)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬ লাখ ১২ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৪ হাজার টাকা এবং তৃতীয় দিনে আরও বৃদ্ধি পেয়ে আয় করে ১২ লাখ ১৫ হাজার টাকা। ফলে তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকায়।

আরও পড়ুন: ফের আইনি জটিলতায় পড়েছেন নোরা ফাতেহি

বিএমআর জানিয়েছে, মাল্টিপ্লেক্সে তৃতীয় দিনেও সিনেমাটি গ্রোথ ধরে রেখেছে। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া বা ‘ওয়ার্ড অফ মাউথ’ ছড়িয়ে পড়ায় দর্শকদের আগ্রহও বাড়ছে।

তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ১৫টি ও লায়ন সিনেমাসের ৩টি মিলিয়ে মোট ১৮টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ৮টি শো ছিল হাউজফুল এবং একটি শো প্রায় পূর্ণ ছিল।

আরও পড়ুন: ‘আমি শুধু একজন শিল্পী’—ভাইরাল ভিডিও ও বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাবনা

‘প্রেশার কুকার’ সিনেমাটি চারটি নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। গল্প ও নির্মাণশৈলীর ভিন্নতার কারণে এটি নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর কাছে বিশেষ আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, ঈদের প্রতিযোগিতামূলক বাজারেও ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া অব্যাহত থাকলে সিনেমাটির আয় আরও বাড়তে পারে।