নিজ বাসা থেকে দক্ষিণ কোরিয়ার অভিনেতার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পিয়ংতায়েক এলাকার নিজ বাসভবন থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
পরিবারের এক সদস্য প্রথম তাকে বাসায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নিজের বাগানে কৃষক লুকে জয়া আহসান, সবজি-ফল সংগ্রহের ভিডিও ভাইরাল
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
অভিনেতার পরিবার জানিয়েছে, আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়েক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঈদে ‘প্রেশার কুকার’ দাপট, তিন দিনে আয় ২৯.৩২ লাখ টাকা
লি সাং-বোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার এজেন্সি ‘কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ’ (কেএমজি)। এক বিবৃতিতে তারা জানায়, “আমাদের অভিনেতা লি সাং-বোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষায় সবাইকে সংযত থাকার অনুরোধ জানাচ্ছি।”
১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চোই জাং সু’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মন্টি-ক্রিস্টো’ এবং ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।
বিশেষ করে ২০২১ সালে প্রচারিত ‘মিস মন্টি-ক্রিস্টো’ নাটকে তার প্রধান চরিত্র ব্যাপক প্রশংসা কুড়ায়। সর্বশেষ ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হন।





