স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার: টলিউডের সংকট নিয়ে মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য
টলিউডের প্রভাবশালী সংগঠন ফেডারেশনের সাবেক সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। তিনি বলেছেন, এই অরাজকতা ও অনিশ্চয়তার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন ইন্ডাস্ট্রির সাধারণ কলাকুশলীরা।
শুক্রবার একটি চলচ্চিত্র অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনির্বাণ বলেন, তিনি গ্ল্যামার জগতের একজন পরিচিত মুখ হলেও আলোচনার বাইরে থাকা কলাকুশলীদের জীবন-জীবিকা পুরোপুরি চলচ্চিত্র শিল্পের ওপর নির্ভরশীল। নানা অনিশ্চয়তা ও সংকটের কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো মা হলেন চিত্রনায়িকা বুবলী, জানালেন কন্যাসন্তানের নাম
তিনি বলেন, “আমি ইন্ডাস্ট্রির আলো ঝলমলে জগতের মানুষ, গ্ল্যামার ওয়ার্ল্ডে আমার যাতায়াত। কিন্তু তুলনামূলক যারা কম আলোর দিকে থাকেন, যেমন আমাদের কলাকুশলীরা, তারা উপার্জনের জন্য পুরোপুরি এই ইন্ডাস্ট্রির ওপরই নির্ভরশীল। নানা অনিশ্চয়তার মধ্যে থাকা এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভুগেছেন।”
স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতীকী গানের ভিডিও প্রকাশ করেও নিজের অবস্থান তুলে ধরেছেন অনির্বাণ।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমিতে আজ আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’
এর আগে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে আদালত তাকে ১৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে একক আধিপত্য বিস্তার, অনিয়ম এবং সাধারণ কর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ ছিল।
২০২৫ সালে ফেডারেশনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ১৩ জন পরিচালক মামলা দায়ের করলে অনির্বাণ ভট্টাচার্যের ওপরও অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তিনি কলাকুশলীদের অসহযোগিতার মুখোমুখি হন। পাশাপাশি তার অভিনীত ও পরিচালিত কয়েকটি সিনেমার মুক্তিও আটকে যায়।
যদিও টলিউডের অনেক তারকা ফেডারেশনের শর্ত মেনে আপসের পথ বেছে নিয়েছিলেন, অনির্বাণ ভট্টাচার্য নিজের অবস্থান থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত এক মেকআপ আর্টিস্টের করা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে।





