আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছর স্থগিত হয়ে যাওয়া কনসার্টটি পুনরায় আয়োজনের মাধ্যমে দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।”
আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা
তিনি আরও বলেন, “এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়; এটি আমাদের দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন। যারা গত বছর টিকিট কিনেছিলেন, তাদের আস্থা ও ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন
এদিকে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তাদের mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘Re-Apply’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনও রিফান্ড পাননি, তারাও চাইলে mainstage.show ওয়েবসাইটের মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে এবং বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।
আতিফ আসলামের এই বহুল প্রতীক্ষিত কনসার্টকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। এখন ভেন্যু ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।





