তাসকিন এখন শাবনূরের পরিবারের বিশেষ অতিথি
ক্রিকেট মাঠের পরিচিত মুখ তাসকিন আহমেদ আর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর—দুই ভিন্ন অঙ্গনের এই দুই তারকাকে এবার দেখা গেল একই ফ্রেমে। অস্ট্রেলিয়ার সিডনিতে একটি ঘরোয়া বারবিকিউ আয়োজনে একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
শনিবার (৫ সেপ্টেম্বর) শাবনূরের সঙ্গে তোলা ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি ও স্বতঃস্ফূর্ত দেখা গেছে।
আরও পড়ুন: ৯ বছর পেরোলেও কমেনি 'বড় ছেলে' নাটকের জনপ্রিয়তা
জানা গেছে, সিডনির নিউ সাউথ ওয়েলসে শাবনূরের পরিবারের আয়োজিত বারবিকিউ পার্টিতে যোগ দিয়েছিলেন তাসকিন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আতিথেয়তাও উপভোগ করেন এই ক্রিকেটার।
আয়োজনের জন্য শাবনূর ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাসকিন তাঁর পোস্টে লেখেন, ‘সেটা একটা সুন্দর সন্ধ্যা এবং বারবিকিউ রাত ছিল। আমাদের আতিথেয়তা করার জন্য শাবনূর আপু ও তার পরিবারকে ধন্যবাদ।’
আরও পড়ুন: প্রশংসায় ভাসছে ইয়াশ রোহান ও তটিনীর ‘কাবিননামা’
তাসকিনের পোস্ট প্রকাশের পরই সেটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে দুই তারকার অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তাঁদের একসঙ্গে তোলা ছবির প্রশংসা করেছেন, আবার কেউ এমন আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ক্রিকেটে তাসকিন আহমেদ তাঁর গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত। অন্যদিকে শাবনূর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ফলে ক্রিকেট ও চলচ্চিত্র—দুই ভুবনের পরিচিত এই দুই মুখকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে তাঁদের অনুসারীদের মধ্যে।
তবে ছবিটিতে কোনো আনুষ্ঠানিক আয়োজনের জৌলুস নয়, বরং ধরা পড়েছে একেবারেই ব্যক্তিগত ও সহজ একটি মুহূর্ত। তারকা পরিচয়ের বাইরে পরিবারের সঙ্গে হাসি-আনন্দে কাটানো একটি সন্ধ্যার সেই ছবিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
সিডনির সেই বারবিকিউ পার্টির একটি ছবি যেন এক মুহূর্তের জন্য ক্রিকেটের মাঠ আর রুপালি পর্দার দূরত্বটাও ঘুচিয়ে দিয়েছে।





