ভেনিসে বাংলাদেশের সিনেমার বাজিমাত, সেরা পরিচালক রুবাইয়াত হোসেন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এলো বড় সুখবর। প্রথমবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখায় অংশ নিয়েই পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। মর্যাদাপূর্ণ এই উৎসবের ৮৩তম আসরে ‘ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস’ বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার পেয়েছে সিনেমাটি। এর মধ্য দিয়ে সেরা পরিচালকের স্বীকৃতি অর্জন করেছেন রুবাইয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান রুবাইয়াত হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।

আরও পড়ুন: ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের রাকায়েত রাব্বি

বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিসে হাজারো সিনেমার মধ্য থেকে ধাপে ধাপে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন বিভাগে চলচ্চিত্র স্থান পায়। এবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির অফিশিয়াল শাখার ‘অরিজন্তি’ বিভাগে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে।

গত ৬ সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা শুরু হয়। এর মধ্যেই মূল পুরস্কার ঘোষণার আগে ইনডিপেনডেন্ট ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিল বাংলাদেশের সিনেমাটি।

আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর গত ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) উৎসবের সমাপনী দিনে অফিশিয়াল শাখার পুরস্কার ঘোষণা করা হবে। সেখানে ‘অরিজন্তি’ বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ও প্রতিযোগিতায় রয়েছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামালকে। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

ভেনিসের পর আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রা আরও এগিয়েছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ফলে বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিচিতি ও সাফল্যের তালিকায় যুক্ত হলো আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।