দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানকে ঘিরে এলো সুখবর। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিআইএফএফ) এবারের আসরে অংশ নিয়ে নিজের মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েই নজর কাড়েন মাহিরা। ঐতিহ্যবাহী শাড়িতে সেজে ফিল্ম ফেস্টিভ্যালের আলোকচিত্রীদের সামনে হাজির হন তিনি। এ সময় গর্বের সঙ্গে নিজের বেবি বাম্পও প্রদর্শন করেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।
আরও পড়ুন: মা হওয়াটা আমাকে খুব অস্থির করে তুলেছে: নেহা ধুপিয়া
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও মাতৃত্বের বিষয়টি প্রকাশ করেন মাহিরা। ম্যাটারনিটি ফটোশুটের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। ছবিগুলোতে লম্বা ও ঢিলেঢালা সাদা ফুলহাতা গাউনে দেখা যায় তাকে। মাতৃত্বের উজ্জ্বলতায় তার সাজও নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলোর ক্যাপশনে মাহিরা লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর থাকে আল্লাহর পরিকল্পনা।”
অভিনেত্রীর এই সুখবর প্রকাশ্যে আসার পরপরই শুভেচ্ছায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা মাহিরা ও তার পরিবারের জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।
আরও পড়ুন: পার্থ শেখ-মালাইকার ‘প্রিয়জন’
ব্যক্তিজীবনে মাহিরা খান এর আগে আলী আসকারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০৭ সালে তাদের বিয়ে হয়। এই সংসারে আজলান নামে তার ১৭ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তবে ২০১৬ সালে আলী আসকারির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মাহিরার।
পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের ভুরবানে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। এবার সেলিম করিমের সঙ্গে সংসারেই প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। অর্থাৎ, অভিনেত্রীর জন্য এটি দ্বিতীয় মাতৃত্ব হলেও এই দম্পতির ঘরে এটিই হতে যাচ্ছে প্রথম সন্তান।
ক্যারিয়ারে অবশ্য মাহিরার সাফল্যের গল্প আরও দীর্ঘ। ২০১৭ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর পাকিস্তানি বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান আরও পাকাপোক্ত করেন এই অভিনেত্রী। ‘হামসাফার’, ‘সাদকায় তুমহারে’, ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ও ‘সুপারস্টার’-এর মতো আলোচিত সিনেমা ও টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মাহিরা। বহুমাত্রিক অভিনয় প্রতিভার কারণে পাকিস্তানের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ও সমাদৃত অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি।
এবার ক্যারিয়ারের ব্যস্ততার পাশাপাশি জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় মাহিরা খান। দ্বিতীয়বার মাতৃত্বের এই যাত্রায় অভিনেত্রীর জন্য রইল শুভকামনা।





