মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়।
দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ওই ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান
এ বিষয়ে গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বাস দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।





