‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন
বাংলাদেশের কণ্ঠ হয়ে বিশ্বমঞ্চে কে গাইবেন? উত্তর মিলবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষায়। ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধি হওয়ার লড়াইয়ে টিকে আছেন সেরা ১০ ফাইনালিস্ট।
আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় বসছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। বঙ্গের প্রযোজনায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠান উপস্থাপনা করবেন তাহসান খান। সরাসরি সম্প্রচার করবে বঙ্গ, পাশাপাশি এনটিভির পর্দায়ও দেখা যাবে অনুষ্ঠানটি।
আরও পড়ুন: যে নাটক দেখে দর্শকের মন্তব্য, ‘ভিউ আরও বেশি হওয়া উচিত ছিল’
বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে যাওয়ার লড়াইয়ে রয়েছেন কৃষান বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি, বিটমসফিয়ার এবং দি কুশিয়ারা ওয়েভস।
চূড়ান্ত বিজয়ী বেছে নিতে থাকছে পাঁচ সদস্যের বিচারক প্যানেল। এতে রয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ ও শওকত আলী ইমন। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও থাকবে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: তানজিন তিশার রাজকীয় লুক, লাল বেনারসিতে মুগ্ধ ভক্তরা
যিনি বা যে ব্যান্ড শেষ পর্যন্ত বিজয়ী হবেন, তিনিই পাবেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার টিকিট। আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেই বিজয়ী।
উত্তেজনা আরও বাড়িয়ে এরই মধ্যে প্রতিযোগিতার অফিসিয়াল থিম সং ‘ভয়েস অব বাংলাদেশ’ প্রকাশ করেছে বঙ্গ। ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় বঙ্গ ও এনটিভির পর্দায় চোখ রাখলেই দেখা যাবে সেই মহারণ। আর সরাসরি আইসিসিবিতে বসে এই আয়োজন উপভোগ করতে চাইলে নিবন্ধনের সুযোগও রয়েছে।
প্রতিযোগিতার আপডেট, স্ট্রিম ও ভোটিং সংক্রান্ত বিস্তারিত জানতে বঙ্গর অফিশিয়াল পেজগুলো ফলো করুন এবং ভিজিট করুন: www.bongobd.com





