চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ, বিপাকে শরীফুল রাজ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরীফুল রাজ। নতুন কাজের প্রস্তুতি, শুটিং এবং সিনেমার চুক্তি—সব মিলিয়ে ক্যারিয়ারে বেশ ব্যস্ততা তার। এর মধ্যেই চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেতা। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

প্রযোজকের পক্ষে আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি শর্ত লঙ্ঘন এবং আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: নাজনীন হাসান খানের নতুন নাটক ‘ভালোবাসার মায়া’

নোটিশে উল্লেখ করা হয়, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মানেননি শরীফুল রাজ। পাশাপাশি এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।

আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে অভিনেতাকে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: হ্যালোইনে স্পর্শিয়ার অন্যরকম সময়

এদিকে অভিযোগের বিষয়ে এখনো শরীফুল রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রযোজক শাহরিন আক্তার সুমি এর আগে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামের একটি সিনেমা। পাশাপাশি শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ শিরোনামের আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।