‘জোর করে সরি বলাবেন?’ গুলশানের ঘটনা নিয়ে মুখ খুললেন পরীমনি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ভিডিও বার্তায় পরীমনি অভিযোগ করেন, তাকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তাকে অপদস্থ করা, পেশাগত কাজে বাধা দেওয়া, ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: ইমরান হাশমির সিনেমার যে গানগুলো আজও প্রেম-বিরহের সঙ্গী

ভিডিওতে পরীমনি বলেন, কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য চাপ প্রয়োগ বা ভয়ভীতি দেখানো কোনো গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। তার ভাষায়, একজন মানুষকে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে বলা যেতে পারে, কিন্তু জোর করে বা হত্যার হুমকি দিয়ে ক্ষমা চাওয়ানো যায় না।

নিজের আচরণের প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তিনি গালিগালাজ করেছেন, যা তার ভুল হয়েছে। এ জন্য ক্ষমা চাইতে হলে তিনি প্রস্তুত। তবে তার অভিযোগ, ক্ষমা চাওয়ার দাবি তোলার পাশাপাশি তাকে এমনভাবে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে কোনো পরিস্থিতিতেই তিনি নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে না পারেন।

আরও পড়ুন: ভালো অভিনেত্রীদের কাজ নিয়ে আলোচনা কম- আক্ষেপ শবনম ফারিয়ার

পরীমনি আরও প্রশ্ন তোলেন, তাকে অপদস্থ করা এবং গালিগালাজ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমা চাইবেন কি না। তার অভিযোগ, তার কাজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দিয়ে তাকে কোনো কাজে না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

ভিডিও বার্তায় বয়কটের প্রচারণা নিয়েও কথা বলেন পরীমনি। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের প্রচারণা চালিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় একপর্যায়ে সরাসরি অনুষ্ঠানে গিয়ে ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, পরীমনি যেখানে যাবেন, সেখানে গিয়ে অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি মব সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

ভিডিওর শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলে সমালোচনা করেন পরীমনি।

তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে যা ইচ্ছা তা করা যায় না। হাতে মোবাইল ফোন থাকা, একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ খোলা কিংবা নিবন্ধন থাকলেই কেউ প্রকৃত সাংবাদিক হয়ে যান না। সাংবাদিকতার নিজস্ব নীতি, দায়িত্ব ও পেশাগত মানদণ্ড রয়েছে।

এ সময় তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে যারা তার বিরুদ্ধে অপদস্থ করা, হুমকি ও ভাঙচুরের মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের উদ্দেশ্য কী? ভিডিও বার্তার শেষ দিকে নিজের অবস্থান স্পষ্ট করে পরীমনি বলেন, চাপ প্রয়োগ বা ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো যাবে না।