পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে, আবেদন জানুয়ারিতে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। শিক্ষার্থীদের সুবিধা এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আরও পড়ুন: কুবিতে পদোন্নতি নিয়ে হুমকির অভিযোগ, ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদ ছাত্রশক্তির

তিনি বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসের পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

এ ছাড়া ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি। জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনুরোধ করা হয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চায় কমিশন।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।