বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। ছবিঃ সংগৃহীত
বায়তুল মোকাররম মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। ছবিঃ সংগৃহীত

বায়তুল মোকাররম মসজিদে এক প্রবাসফেরত ব্যবসায়ীকে মারধর ও ৩০ হাজার টাকা চুরির অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার ইন্সপেক্টর হাবিবুর রহমান। আবেদনে বলা হয়, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুন: লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরা বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, হামলার পেছনে প্ররোচনা ও আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান, হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরে কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সংস্থাটি।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করা হয়।