সুইমস্যুট পর্বে নীল পোশাকে মিস ইউনিভার্সের মঞ্চে মাহি, প্রশংসায় নেটিজেনরা
মিস ইউনিভার্সের মঞ্চে সুইমস্যুট পর্ব মানেই সাধারণত বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে প্রতিযোগীদের আত্মপ্রকাশ। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজের মতো করে বাংলাদেশকে তুলে ধরলেন সামিরা খান মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি বেছে না নিয়ে পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে মঞ্চে হাজির হন তিনি। তার এই ব্যতিক্রমী উপস্থিতি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
স্থানীয় সময় রোববার রাতে সুইমস্যুট পর্বের ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মাহি। সেখানে তাকে দেখা যায়, নীল রঙের ফুলহাতা ও শরীরের সঙ্গে মানানসই পোশাকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা মঞ্চে হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পোশাকের রং, নকশা ও উপস্থাপনায় ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্য।
আরও পড়ুন: পর্দার চুমুতে কাদের সঙ্গে সবচেয়ে উপভোগ করেছেন, জানালেন অভিনেত্রী
নিজের একটি পোস্টে মাহি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তার এই ব্যতিক্রমী লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
আরও পড়ুন: তিন বছরের বিরতি ভেঙে একসঙ্গে জোভান-ফারিণ
এর আগে মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বেও ভিন্নধর্মী উপস্থাপনায় নজর কেড়েছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের ভাবনাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মাধ্যমে তুলে ধরেন মাতৃত্বের ভালোবাসা ও সর্বজনীন বন্ধনের বার্তা।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।





