২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ জন
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবি, আগস্টজুড়ে কর্মসূচি ঘোষণা
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৯১ জন এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৭
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের মধ্যে।
হাম ও এর উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন ভর্তি হয়েছেন।
এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, চলমান পরিস্থিতিতে শিশুদের মধ্যে হামের উপসর্গ ও সংক্রমণের বিস্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ও শনাক্তের তথ্যও দেশে হাম পরিস্থিতির ওপর নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরছে।





