বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।
আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, ‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করেছিলেন অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক।’
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল লেখেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’
আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত সশস্ত্র বাহিনী দিবস
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন।’
মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুলের ভাষ্য, ‘রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।’
এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।’





