২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৩ জন
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ৬৩ হাজার ছাড়াল, মৃত্যু ২৫৯ জনে পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি। দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৮০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৮০৩ জনের মধ্যে রাজধানী ঢাকায় ২৮৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগ ও জেলায় ভর্তি হয়েছেন বাকি রোগীরা।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ১৭০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৫৯ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়—এটি সারা বছরই হচ্ছে। বিশেষ করে বর্ষাকাল বা বৃষ্টির সময় এটি বেড়ে যায়। তাই মশা প্রতিরোধে ওষুধ ব্যবহারের পাশাপাশি দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছে
অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, “শুধু জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সঠিকভাবে জরিপ পরিচালনা করে দক্ষ জনবল দিয়ে পেশাদারভাবে মশানিধন কার্যক্রম চালাতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও শহরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি না হলে ভবিষ্যতেও ডেঙ্গুর ঝুঁকি বহাল থাকবে। দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।





