রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ শেষে অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামকে সনদপত্র হস্তান্তর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম চীনের সাংহাইয়ে অবস্থিত পুডং গংলি হাসপাতালে রোবোটিক সার্জারির ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফিরেছেন। গত ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তিনি রোবোটিক সার্জারির আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে উচ্চতর জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় পুডং গংলি হাসপাতাল কর্তৃপক্ষ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সনদপত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সনদপত্র হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, “আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিশ্বজুড়ে চিকিৎসাবিজ্ঞানে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে। বিশেষ করে রোবোটিক সার্জারি আধুনিক অস্ত্রোপচার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে আরও সূক্ষ্ম, নির্ভুল ও আধুনিক অস্ত্রোপচারের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই আমাদের চিকিৎসাব্যবস্থাকেও সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে রোবোটিক সার্জারির যাত্রা শুরু হয়েছে, যা আমাদের চিকিৎসাব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, এসব প্রযুক্তি পরিচালনা ও ব্যবহারের জন্য দক্ষ জনবল তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং উন্নত বিশ্বের চিকিৎসাপদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলামের মতো অভিজ্ঞ চিকিৎসকদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণ অর্জন নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।”

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা চাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু চিকিৎসাসেবা প্রদানেই নয়, বরং আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির প্রয়োগেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করুক। রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ চিকিৎসক তৈরি করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। চীনের পুডং গংলি হাসপাতালের সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের চিকিৎসা ও চিকিৎসাশিক্ষা খাতের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে পারে। আমরা আশা করি, এ প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও রোবোটিক সার্জারির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির সুফল যেন কেবল সীমিত জনগোষ্ঠীর মধ্যে আবদ্ধ না থাকে, বরং দেশের সাধারণ মানুষও যেন উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। দক্ষ জনবল তৈরি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে রোবোটিক সার্জারির ভবিষ্যৎ আরও সম্ভাবনাময় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম তাঁর প্রশিক্ষণ অর্জনের সুযোগ সৃষ্টি এবং সনদপত্র হস্তান্তরের আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত এ অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার চিকিৎসার উন্নয়নে কাজে লাগাতে তিনি আগ্রহী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও শিক্ষকবৃন্দ।