জুলাইয়ে ভারত থেকে আসছে ২০টি ব্রডগেজ ট্রেন কোচ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জন্য নির্মিত ২০টি ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ আগামী জুলাই মাসে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথমবারের মতো ভারত থেকে নতুন ট্রেন কোচ বাংলাদেশে আসতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কোচগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এসব কোচ ৯১৫ কোটি রুপি মূল্যের একটি চুক্তির আওতায় বাংলাদেশে সরবরাহ করা হবে।

আরও পড়ুন: ১০ হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর

এর আগে বাংলাদেশ ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ ক্রয়ের জন্য ভারতের সঙ্গে চুক্তি করে। জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সেই বৃহৎ প্রকল্পের প্রথম ধাপের অংশ। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনোমিক টাইমস-কে জানান, “চুক্তির আওতায় প্রথম রেক আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে এবং বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।”

আরও পড়ুন: ইরানে সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক, মার্কিন সিনেটে প্রস্তাব পাস

কোচগুলো ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় নির্মাণ করা হচ্ছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২৪ সালের মে মাসে ভারত এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব লাভ করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে গেলেও বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।

এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ ও পরিবহন অবকাঠামো উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সর্বশেষ চুক্তির আওতায় শুধু কোচ সরবরাহই নয়, বরং নকশাগত সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ, কারিগরি প্রশিক্ষণ এবং কোচ পরিচালনা শুরুর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও প্রদান করবে ভারত।

সূত্র: ইকোনোমিক টাইমস