৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে একটি জরুরি চিঠি জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় সেনাসদস্য মোতায়েন থাকবে। সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
আরও পড়ুন: টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি-অভিযোগ
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের ফলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বরং অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি বেশি স্থিতিশীল ও সন্তোষজনক।
আরও পড়ুন: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
তিনি বলেন, মূলত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্যদের মাঠে নামানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।





