ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে ভারত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশি পর্যটক ও নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। নতুন ব্যবস্থায় পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমবে বলে আশা করছে দেশটির সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ভিসার শ্রেণি কমানোই নয়, আবেদনপ্রক্রিয়াকেও সহজ ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে অপ্রয়োজনীয় তথ্যের ঘর বাদ দেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীদের কম তথ্য দিয়ে ভিসার আবেদন সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভারতের ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হলো।

নতুন কাঠামোয় ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এ ভিসার আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভিজিটর ভিসার দুটি শ্রেণি থাকবে—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে ভি-২ ভিসার মেয়াদ আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এক, পাঁচ অথবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের জন্যও নতুন সুবিধা যুক্ত হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ই-ভিসার ক্ষেত্রেও।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসা চলাকালে রোগীর সঙ্গে থাকা এবং পরবর্তী সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বারবার নতুন ভিসার আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগের সম্পর্ক রয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এস-২ ভিসা চালু করা হচ্ছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য বি-১ ভিসা ব্যবহার করা যাবে। অন্যদিকে বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রেও ই-ভিসায় আবেদন করার সুযোগ থাকবে।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ভারতের ই-ভিসা পেয়ে থাকেন। নতুন কাঠামো কার্যকর করার উপযোগী করে তুলতে প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে দেশটি।

সংশোধিত ব্যবস্থায় ভিসার মূল শ্রেণিগুলো হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ বিশেষ কয়েকটি শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় আবেদন করতে পারবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে। নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদনপ্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।