বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।





