ঘনিষ্ঠ সহযোগীর দাবি
‘বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ’
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি-কে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম জানায়।
আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক উপদেষ্টা জানান, তিনি সাবেক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং “সবকিছু ঠিক আছে।”
ওই কর্মকর্তা আরও বলেন, আহমাদিনেজাদের নিরাপত্তা দায়িত্বে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হন। নিহতরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার
তিনি জানান, আহমাদিনেজাদের নিজ বাসভবন ওই ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত ছিল। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।





