অসুস্থ বেশ কয়েকজন সেনা
মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্টের পদত্যাগ
রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি (কাপড় ধোয়ার জায়গা) অংশে এ অগ্নিকাণ্ড ঘটে।
এর আগে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ঘটনা নয়। ওই ঘটনায় দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছিল।
আরও পড়ুন: মোজতবা খামেনি যেভাবে অল্পের জন্য ‘বেঁচে গেছেন’, জানাল দ্য টেলিগ্রাফ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় লোহিত সাগরে মোতায়েন করা ১ লাখ টন ওজনের এ রণতরির সামরিক কার্যক্রম ব্যাহত হয়নি বলে নৌবাহিনী দাবি করেছে। তবে ১৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার মূল্যের এ রণতরিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও বিমান সেনার অবস্থা বর্তমানে ‘চরম অস্বস্তিকর’।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৬০০ নাবিক তাঁদের থাকার জায়গা হারিয়েছেন। তাঁরা এখন রণতরির টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এ ছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় অনেকেই কাপড় ধুতে পারছেন না।
পারস্য উপসাগর ও লোহিত সাগরের দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সিএনএন।
১০ মাস ধরে মোতায়েন থাকা এ রণতরিটিতে টয়লেট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে এর টয়লেট মেরামতে বারবার বাইরে থেকে সাহায্য নিতে হয়েছে।
গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরিটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মোতায়েন।
তথ্যসূত্র: সিএনএন





