ইরান যুদ্ধ: নিহত ১৩ মার্কিন সেনা, আহত প্রায় ২০০
ইরান-এর সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাবুলে পাকিস্তানের বিমান হামলা, নিহত প্রায় ৪০০: আফগানিস্তান
আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে হকিন্স জানান, আহতদের মধ্যে প্রায় ১৮০ জন সেনাসদস্য চিকিৎসা শেষে ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন। আহত সেনাদের শরীরে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণের টুকরোর আঘাত এবং আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতির মতো সমস্যা দেখা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে হামলার শিকার হয়ে তারা হতাহত হয়েছেন।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই হতাহতের প্রধান কারণ ইরানের একমুখী ড্রোন হামলা। গত সপ্তাহে জয়েন্ট চিফস অব স্টাফ-এর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে মার্কিন সেনাদের অধিকাংশ প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য এই ধরনের ড্রোন হামলাই দায়ী।
আরও পড়ুন: কিছু দেশ সহায়তা করতে আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প
তার মতে, ড্রোনের নির্ভুল আঘাত ও প্রযুক্তিগত সক্ষমতা মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল বর্তমানে উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই সরাসরি সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





