চীন ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’—হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ তথ্য সত্য হলে বেইজিং বড় ধরনের সমস্যায় পড়বে।
আরও পড়ুন: ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল
এর আগে শনিবার সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।
গোয়েন্দা মূল্যায়নে আরও ইঙ্গিত পাওয়া গেছে, চলমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা পুনরায় সক্রিয় বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
এদিকে, আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে উত্তেজনা বাড়লে তা যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেও আরও জটিল করে তুলতে পারে।





