যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ২২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশও দিয়েছেন তিনি, ফলে কূটনৈতিক ও সামরিক চাপ একযোগে বহাল থাকছে।

মঙ্গলবার মধ্যরাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন ট্রাম্প।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

বিবৃতিতে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের কারণে তেহরান এখনো কোনো সমন্বিত প্রস্তাব দিতে পারেনি। এ পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধবিরতি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

ট্রাম্প বলেন, “আমরা সামরিকভাবে প্রস্তুত থাকব, তবে আলোচনার সুযোগ ধরে রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। একইসঙ্গে নৌ অবরোধও চালু থাকবে।”

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এই গুরুত্বপূর্ণ জলপথে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছে, অন্যদিকে ইরানের ওপর চাপও অব্যাহত রাখছে। কারণ যুদ্ধবিরতির সময় বাড়ানো হলেও অবরোধ বহাল থাকায় তেহরানের অর্থনৈতিক ও কৌশলগত পরিস্থিতিতে তেমন স্বস্তি আসছে না।

 সূত্র: আলজাজিরা