ভারতে বিদেশিদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে দীর্ঘ সময় অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও নিবন্ধন-সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময়সীমার বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে বাধ্যতামূলক নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধিতে সংশোধন এনেছে।

আরও পড়ুন: অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ বাংলাদেশিসহ ১৯ জন গ্রেপ্তার

নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভারতীয় ভিসাধারী বিদেশিদের ১৮০ দিনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগে তারা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন।

সংশোধিত বিধানটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের ভিসার মোট মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা ভারতে অবস্থানের সর্বোচ্চ সীমা ১৮০ দিন নির্ধারিত রয়েছে। এ ধরনের ভিসাধারীরা যদি একটানা বা এক ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন: হিজবুল্লাহ-ইসরাইল সংঘাতে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা

ভারত সরকার বলছে, নতুন এই ব্যবস্থা দেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং বিদেশিদের অবস্থানের ওপর প্রশাসনিক নজরদারি জোরদারের লক্ষ্যে চালু করা হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের অতিরিক্ত ভারতে অবস্থানের অনুমতি এখন থেকে শুধুমাত্র বিশেষ জরুরি পরিস্থিতিতে বিবেচনা করা হবে। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগ আগের তুলনায় সীমিত হতে পারে।

অন্যদিকে, ভারতে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রে নিয়মে কিছু শিথিলতা আনা হয়েছে। আগে বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি হলে সন্তানের জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জানানো বাধ্যতামূলক ছিল।

নতুন বিধান অনুযায়ী, যদি বাবা-মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে জন্মের পরপরই তথ্য জানানো বাধ্যতামূলক হবে না। তবে ওই সন্তান পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা অবহিত করতে হবে।

এদিকে স্থানীয় হাসপাতাল, নার্সিং হোম ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন কিছু রিপোর্টিং বিধান যুক্ত করা হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি রোগীদের থাকার সুবিধা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।

তবে ভারত সরকার জানিয়েছে, এসব পরিবর্তনের ফলে চিকিৎসা প্রতিষ্ঠানের মূল চিকিৎসাসেবা বা দায়িত্বে কোনো বড় ধরনের পরিবর্তন আসছে না। বরং তথ্য প্রদান ও প্রশাসনিক প্রক্রিয়াকে আধুনিক ও হালনাগাদ করার উদ্দেশ্যেই নতুন বিধানগুলো যুক্ত করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে