ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত কোনোভাবেই দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য সংঘাতের অবসান ঘটানো, দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালিয়ে যাওয়া নয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স। এ সময় ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে তাঁর সঙ্গে ট্রাম্পের কোনো মতপার্থক্য নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন: ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান!

ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, কিছু মানুষ যুদ্ধ আরও দীর্ঘায়িত করার দাবি জানাবে। তবে ট্রাম্প এই সংঘাতকে কোনোভাবেই দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে তিনি আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ১০ বা ১৫ বছরের জন্য জড়িয়ে পড়বে না। এমনকি দুই বছর ধরে চলা কোনো সামরিক প্রতিশ্রুতিতেও দেশটি যেতে চায় না।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভ্যান্সের অভিযোগ, যুক্তরাষ্ট্রের কিছু নীতিনির্ধারক ও সমালোচক চান দেশটি যেন এই সংঘাতে অনির্দিষ্টকাল জড়িয়ে থাকে। তবে বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েই জনগণের কাছে এসেছিল ট্রাম্প প্রশাসন। সেই অবস্থান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।

তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প শেষ পর্যন্ত এমনভাবে যুদ্ধের অবসান ঘটাবেন, যাতে মার্কিন জনগণের জন্য ভালো ফলাফল আসে।

ট্রাম্পের সমালোচনা থেকে আড়াল হতে চান ভ্যান্স

সাক্ষাৎকারে ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ভ্যান্স।

যুদ্ধের বিষয়ে তাঁর সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে কোনো মতবিরোধ নেই বলে দাবি করেন তিনি।

তবে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও পেট্রোলের দাম বেড়েছে এবং এর রাজনৈতিক প্রভাব পড়েছে বলে স্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স বলেন, রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হয়েছে। পেট্রোল ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন।

এদিকে ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবও দেন তিনি। ভ্যান্সের দাবি, কেউ কেউ তাঁকে লক্ষ্যবস্তু বানিয়ে মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করার চেষ্টা করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমালোচনা থেকে আড়াল করতে হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।

সূত্র: আনাদোলু এজেন্সি