মার্কিন ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মার্কিন সংস্থাটির সরাসরি অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি কমানোর বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং অঞ্চলটির সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে তারা। বাংলাদেশের নতুন এই যোগ্যতা দেশের উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।
ডিএফসির মতে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সুবিধা পাওয়ায় বাংলাদেশে বিনিয়োগের ঘাটতি পূরণ সহজ হবে। বিশেষ করে বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে গতি আসতে পারে। এসব বিনিয়োগের ফলে অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে।
আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতেও এটি সহায়ক হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি এ ক্ষেত্রে সহযোগিতার অঙ্গীকার তুলে ধরে। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং উভয় দেশের সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে অবস্থিত। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি গুরুত্বপূর্ণ। মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে ডিএফসি।
উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের প্রধান আন্তর্জাতিক বিনিয়োগ অর্থায়ন সংস্থা। বেসরকারি পুঁজি সংগ্রহের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন প্রকল্পে অর্থায়ন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং মিত্র ও অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে কাজ করে সংস্থাটি।





