আজ শহীদ নূর হোসেন দিবস

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

সেদিন বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে স্বৈরাচারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন নূর হোসেন। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। এ কারণে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পরিচিত।

আরও পড়ুন: বিয়েতে অনীহা কেন বাড়ছে পুরুষদের?

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে।

তবে ১০ নভেম্বর দিনটি ভিন্নভাবে পালন করে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের এই দিনে দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনাকে স্মরণ করে দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে দলটি।

আরও পড়ুন: ফ্যাটি লিভার থেকে বাঁচতে খাদ্যতালিকায় রাখুন ৫ খাবার, সুস্থ থাকবে যকৃৎ

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে।

এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক সভায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।