আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্‌যাপন করছেন নিজেদের মতো করে। একা থাকা মানেই নিঃসঙ্গ জীবন নয়; বরং নিজের স্বাধীনতা, পছন্দ, আত্মনির্ভরতা ও জীবন উপভোগের আনন্দকে সামনে নিয়ে আসাই দিবসটির মূল উদ্দেশ্য।

প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। তারিখটির মধ্যেও রয়েছে বিশেষ প্রতীকী অর্থ। ১১/১১ সংখ্যায় চারটি একক সংখ্যা রয়েছে, যা অবিবাহিত বা সিঙ্গেল মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: আজ শহীদ নূর হোসেন দিবস

দিবসটির সূচনা চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদ্‌যাপনের উদ্দেশ্যে ১১ নভেম্বর দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তী সময়ে চীনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এই আয়োজন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দিবসটি আন্তর্জাতিক পরিচিতি লাভ করে।

শুরুর দিকে দিনটি মূলত অবিবাহিতদের নিজেদের জীবন উদ্‌যাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সময়ের সঙ্গে বদলেছে উদ্‌যাপনের ধরন। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, কেউ ঘুরতে গিয়ে, আবার কেউ নিজের পছন্দের জিনিস কেনা কিংবা প্রিয় কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।

আরও পড়ুন: বিয়েতে অনীহা কেন বাড়ছে পুরুষদের?

সিঙ্গেল দিবসের সঙ্গে যুক্ত হয়েছে কেনাকাটার বিষয়টিও। ২০০৯ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে কেন্দ্র করে বড় পরিসরে অনলাইন কেনাকাটার আয়োজন শুরু করে। এরপর ধীরে ধীরে দিনটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসবে পরিণত হয়।

তবে আন্তর্জাতিক সিঙ্গেল দিবসের গুরুত্ব শুধু কেনাকাটা কিংবা অবিবাহিত জীবন উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বিষয়গুলোও দিবসটির গুরুত্বপূর্ণ বার্তা।

আমাদের সমাজে অনেক সময় বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে জীবনের পূর্ণতার অন্যতম শর্ত হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু একটি সুখী ও পরিপূর্ণ জীবন কাটানোর জন্য সম্পর্কে থাকতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ করা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা নিজের মতো করে জীবন সাজানোর মধ্যেও রয়েছে আনন্দ।

সম্পর্কে থাকা কিংবা সিঙ্গেল থাকা—দুটিই ব্যক্তিগত পছন্দের বিষয়। জীবনের সুখ ও সার্থকতা যে শুধু সম্পর্কের ওপর নির্ভর করে না, সেই বার্তাই মনে করিয়ে দেয় আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।