ভোরের শিশির ভেঁজা মেঠো পথ

নওগাঁ জুড়ে আগাম শীতের মেলবন্ধন

Sadek Ali
নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রকৃতির আঙিনায় ধীরে ধীরে বদলে যাচ্ছে ঋতুর রং। ভোরের ঘাসে শিশিরের বিন্দু, সন্ধ্যার বাতাসে হিমেল পরশ আর রাতের গভীরতায় বাড়ছে শীতের অনুভূতি। সীমান্তের জেলা নওগাঁর গ্রামীণ জনপদে প্রকৃতির এমন পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতকে ঘিরে নতুন প্রজন্মের মধ্যে তৈরি হচ্ছে নানা উচ্ছ্বাস ও পরিকল্পনা। বরেন্দ্রভূমির বিস্তীর্ণ আমন ধানের শিষের ওপর ভোরের শিশিরবিন্দুরা যেন মুক্তোর মতো জ্বলজ্বল করছে। বাতাসে পাকা ধানের মৌ মৌ সুবাসের সাথে মিশে গেছে এক অদ্ভুত হিমেল পরশ। দিনভর কড়া রোদ থাকলেও, শেষ রাত থেকে শুরু করে কাকভোর এবং সন্ধ্যা নামতেই গ্রামীণ মেঠোপথ কিংবা শহরের অলিগলিতে এখন স্পষ্ট অনুভূত হচ্ছে শীতের কামড়। কুয়াশার পাতলা ওড়না গায়ে জড়িয়ে প্রকৃতি এবার একটু আগেই জানান দিচ্ছে তার চিরন্তন আগমনী বার্তা। শিশিরভেজা ভোর, কুয়াশার আবছা চাদর আর বিকেলের মিষ্টি রোদ। প্রকৃতির প্রতিটি অনুষঙ্গেই যেন ধরা দিচ্ছে ঋতু বদলের বার্তা। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই অনুভূত হচ্ছে হিমেল বাতাসের ছোঁয়া। রাতের নিস্তব্ধতা পেরিয়ে ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে, দুয়ারে কড়া নাড়ছে শীত।

নওগাঁর মাঠে মাঠে, নদীর তীরে আর শহরের মোড়ে মোড়ে এই আগাম শীতের আমেজ যেমন নস্টালজিয়া জাগাচ্ছে, তেমনি জীবনযাত্রার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তৈরি করেছে নানা ভাবনা, শঙ্কা আর উদ্দীপনা।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

কৃষিনির্ভর এই অঞ্চলের মাঠের চিত্র এবং নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নওগাঁ সদর উপজেলারবর্ষাইল এলাকাল স্থানীয় চাষি সাইদুল ইসলাম বলেন, এবার কার্তিকের শেষ দিক থিকাই রাইতে ভারী চাদর বা কাঁথা গায় দেওয়া লাগতিছে। কুয়াশা এবার একটু আগেই নামল। মাঠের আমন ধান পেকে গেছে, কাটার সময় হয়া আইছে। আগাম শীতের এই কুয়াশায় ভোরে মাঠে নামতে একটু আলসেমি আসলেও মনে একটা আনন্দ আছে। তবে কপাল পুড়বে যদি কুয়াশা আরও ঘন হয়। বেশি কুয়াশা আর শৈত্যপ্রবাহ আগেভাগে চলে এলে রবি ফসলের, বিশেষ করে আগাম আলু আর সরিষার ফলনে পোকা বা রোগের আক্রমণ হতে পারে। এই দুশ্চিন্তাটাও মনের ভেতর খচখচ করতিছে।

নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী নাফিজা হক চায়ের কাপে চুমুক দিতে দিতে উচ্ছ্বাসের সাথে বলেন, ক্যাম্পাসে যাওয়ার পথে ভোরের কুয়াশা আর হালকা ঠান্ডা বাতাস দারুণ একটা রোমান্টিক আবহ তৈরি করছে। পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের ক্লান্তি যেন এই হিমেল বাতাসে নিমেষেই উধাও হয়ে যায়। আলমারি থেকে হুডি, ডেনিম জ্যাকেট আর রঙিন চাদরগুলো একটু আগেই বের করতে পেরে খুব ভালো লাগছে। সন্ধ্যার পর শহরের মুক্তির মোড় আর জিলা স্কুলের সামনের চত্বরে হালকা কুয়াশার মাঝে বন্ধুদের সাথে ধোঁয়া ওঠা চায়ের আড্ডা মুক্তির মোড়ের গরম-গরম ভাপা পিঠার স্বাদ নেওয়ার মজাই আলাদা।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

স্থানীয় পরিবেশ কর্মী নাইস পারভীন বলেন,  আমাদের চিরচেনা ষড়ঋতুর দেশ এখন যেন তিন-চারটি ঋতুতে সংকুচিত হয়ে আসছে। এই আগাম শীত সাময়িকভাবে আমাদের মনে রোমাঞ্চ বা নস্টালজিয়া জাগালেও, প্রকৃতির এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জীববৈচিত্র্য, ভূগর্ভস্থ পানির স্তর এবং স্বাভাবিক কৃষিচক্রের জন্য একটি বড় সতর্কসংকেত। আমাদের এখনই বরেন্দ্র অঞ্চলের পরিবেশ রক্ষায় এবং বৃক্ষরোপণে আরও বেশি সচেতন হতে হবে।

সমাজকর্মী জয়নুল আবেদিন মুকুল এর চোখে বরেন্দ্র অঞ্চলের বহু ঋতু পরিবর্তন খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। কিন্তু এবারের কার্তিকের বিদায়লগ্নে নওগাঁর আবহাওয়া যেন একটু বেশিই তাড়াহুড়ো করছে। ভোরবেলা যখন তুলসীগঙ্গা নদীর ওপর কুয়াশার চাদর জমে কিংবা সন্ধ্যায় যখন মুক্তির মোড়ে নিয়ন আলোর নিচে চায়ের ধোঁয়া ওড়ে, তখন স্পষ্ট বোঝা যায়। প্রকৃতি তার চেনা ক্যালেন্ডার বদলে ফেলেছে। ঋতুর এই আগাম আগমন নওগাঁর গাছিদের যেমন খেজুর রস সংগ্রহের জন্য গাছিয়া ছুরি আর হাঁড়ি নিয়ে ব্যস্ত করে তুলেছে, তেমনি সাধারণ মানুষের ঘরে ঘরে শুরু হয়ে গেছে শীতের চিরচেনা আয়োজন। প্রকৃতির এই রূপবদল কারো মনে এনেছে শঙ্কা, কারো মনে অপার আনন্দ। সব মিলিয়ে নওগাঁ জুড়ে এখন শুধুই আগাম শীতের গুঞ্জন।

তবে পরিবেশগত উদ্বেগের মাঝেও কৃষিতে নতুন সম্ভাবনা ও বিজ্ঞানসম্মত প্রস্তুতির কথা জানিয়েছেন নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক  মো. মুনজুর রহমান। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, আগাম শীতের কারণে এবার রবি শস্য, বিশেষ করে সরিষা, শীতকালীন সবজি এবং গম চাষে কৃষকরা বাড়তি কিছু সুবিধা পেতে পারেন। ঠান্ডা আবহাওয়া এসব ফসলের বৃদ্ধির জন্য সহায়ক। 

তিনি আরও বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক তৎপর আছেন। কৃষকদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, কুয়াশার পরিমাণ যদি অতিরিক্ত বেড়ে যায় বা 'লেট ব্লাইট' রোগের লক্ষণ দেখা দেয়, তবে ফসলের সুরক্ষায় যেন তারা অবহেলা না করে দ্রুত স্থানীয় কৃষি অফিসের পরামর্শ মেনে সঠিক বালাইনাশক স্প্রে করেন এবং ফলন রক্ষায় প্রয়োজনীয় যত্ন নেন। গ্রামীণ ও কৃষি ভাবনার বাইরে শহরের নাগরিক জীবনে এই আগাম শীত এনে দিয়েছে এক অন্যরকম উৎসবের আমেজ।