ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতেই ঈদের ছুটি বৃদ্ধি

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ১৯ জুন ২০২৩ | আপডেট: ১:৫৬ অপরাহ্ন, ১৯ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রাফিক ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ঠিক রাখতেই ঈদুল আজহায় একদিন বাড়তি ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মো. মাহবুব হোসেন জানান, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনো পরিবর্তন হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার সিদ্ধান্ত হয়নি।