দণ্ডিত সেই বিচারককে জামিন দিলেন হাইকোর্ট

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৩ | আপডেট: ৪:৪৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৩
সাবেক বিচারক সোহেল রানা। ছবি: সংগৃহীত
সাবেক বিচারক সোহেল রানা। ছবি: সংগৃহীত

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়ার তিন ঘণ্টা পরই তাকে জামিন দিলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে এক মাসের জামিন আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক: এইচআরএসএস রিপোর্ট

এর আগে সকালে বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাকে এক মাসের কারাদণ্ড দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট তার আদেশ দেন।

আদালতে আজ আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে আইনজীবী প্রণয় কান্তি রায় বলেন, সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন বলে জানান আইনজীবী প্রণয় কান্তি রায়।