৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮টি বিভাগে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর সেকশন ১০(৫) মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ ও মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ধারা ৫ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

ন্যাস্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনকে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তাদের অঞ্চলের চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। পদায়নের পর তারা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটার্নিং অফিসারের কাছে যোগদান করবেন।

ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং প্রতিদিন নির্ধারিত ছকে মোবাইল কোর্ট পরিচালনার তথ্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন।