জাতীয় সংসদ ভবন–এ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নির্দিষ্ট কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে বলে জানিয়েছে ডিএমপি।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন ‘জুলাই সনদ’: প্রধান উপদেষ্টা
শপথ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। সাময়িক অসুবিধা এড়াতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার ও ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে এ ডাইভারশন কার্যকর থাকবে।
আরও পড়ুন: সংসদ সদস্যদের শপথ পড়াতে সিইসিকে চিঠি: সংবিধানসম্মত প্রক্রিয়ায় কালকে এমপিদের শপথ
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক
মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং
আসাদগেট বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প সচল থাকবে।
সব ধরনের যানবাহন চালকদের মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।