আগামীকাল যে পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির আহ্বান প্রতিমন্ত্রীর
বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় এবং দীর্ঘমেয়াদে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। রোববার (৮ মার্চ) থেকে সারা দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মজুত পর্যাপ্ত, আতঙ্কের কারণ নেই শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত (Panic Buying) করবেন না। যার যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই কিনুন।” তিনি আরও জানান, রেশনিং পদ্ধতি কার্যকরে দ্রুতই ফিলিং স্টেশনগুলোকে লিখিত নির্দেশনা পাঠানো হবে।
আরও পড়ুন: আতঙ্কিত হয়ে তেল না কেনার আহ্বান জ্বালানি মন্ত্রীর
রাজধানীর পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে লাইনে দাঁড়ানো নিয়ে গ্রাহকদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করে ঘরে মজুত করার চেষ্টা করছেন, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
দাম সমন্বয়ের ইঙ্গিত আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সরকার তেলের মূল্যবৃদ্ধি না করার বিষয়ে সজাগ আছে। তবে আন্তর্জাতিক বাজারের চাপ সামলাতে প্রয়োজনে দাম কিছুটা সমন্বয় করা হতে পারে। তবুও আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের ওপর যেন বড় কোনো বোঝা না চাপে।”
আরও পড়ুন: যুদ্ধ, ভিসা জটিলতার ফাঁদে প্রবাসী শ্রমবাজার,সহায়তায় হটলাইন চালু





