মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০২ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

আরও পড়ুন: মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য

ডা. রফিক জানিয়েছেন, “সকালে ওনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।”

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার উন্নতি ধীরে ধীরে হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখার মাধ্যমে তার স্বাস্থ্য সুস্থ রাখার চেষ্টা চালানো হচ্ছে।