মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল বিমানবন্দর থেকে ৪৭৭টি ফ্লাইট বাতিল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৫ পূর্বাহ্ন, ১৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৪৭৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব পড়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়।

আরও পড়ুন: ঈদের ফিরতি ট্রেনযাত্রা: ২৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু শুক্রবার

এছাড়া ১৪ মার্চ (রাত ১২টার পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।

তবে ফ্লাইট বাতিলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু গন্তব্যে সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ৪৯০টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন দিনে মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: আজ অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন, মিলছে ১৯ মার্চের টিকিট

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথ পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।