মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হবে। এদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সঙ্গে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।
আরও পড়ুন: সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার
গত শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
তিনি জানান, সকালে সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা ইতিবাচক ফল পেয়েছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
আরও পড়ুন: মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস
জানা গেছে, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
পরে শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে প্রথম দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ এই নেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়মিত নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





