স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে বিধিনিষেধ, আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রাজধানী ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় একাধিক নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

স্মৃতিসৌধে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।

আরও পড়ুন: শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

এছাড়া, ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানে কোনো ধরনের ক্ষতি না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকার গাবতলী থেকে সাভার পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধগামী সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সড়ক ও পরিবেশ পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ থাকে।

আলোকসজ্জা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি কোনো ভবন বা স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।

এছাড়া, জ্বালানি সংকট বিবেচনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।