পুলিশ প্রশাসনে বড় রদবদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চারজন অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) মোট ছয়জন পুলিশ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ

এছাড়া মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: রায়ের পর পুলিশের সঙ্গে আসামিদের ধাক্কাধাক্কি, ‘জয় বাংলা’ স্লোগান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

এতে আরও উল্লেখ করা হয়, এর আগে জারি করা কয়েকটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। এর মধ্যে মো. জাহিদুল ইসলামকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ এবং মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে র‍্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।