নয়াপল্টনে শ্রমিকদের ঢল, তারেক রহমানের প্রথম জনসভা ঘিরে উচ্ছ্বাস
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নেমেছে। দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটিই তার প্রথম জনসভা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী সমাবেশে অংশ নিচ্ছেন। সকালে ভারী বৃষ্টিতে সড়কে পানি জমলেও দুপুরের আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে অংশ নিয়েছেন। লাল টুপি পরা হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা।
সমাবেশে অংশ নেওয়া কবির খান নামে এক নেতা বলেন, এই সমাবেশ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান শ্রমিকদের দাবি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
অন্যদিকে হুমায়ুন নামে আরেক নেতা জানান, সকাল থেকেই তিনি সমাবেশস্থলে অবস্থান করছেন, শুধু নেতাকে কাছ থেকে দেখার জন্যই তার এই উপস্থিতি।
সমাবেশ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখানে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন।
সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের মে দিবসের সমাবেশে স্মরণকালের অন্যতম বড় জনসমাগম ঘটবে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।





