ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে, বৃষ্টির জানাজা ৬ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা লিমনের মরদেহ বহন করে নিয়ে আসে।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো গাফিলতি করেনি এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। হত্যার সুষ্ঠু তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন: মন্ত্রী জাহিদ হোসেন: গণতন্ত্র সংকটে পড়লেই জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে
এদিকে, আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পা শহরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি কনস্যুলেট।
উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর, ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
অন্যদিকে, একই দিন নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ মহাসড়ক ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।





