জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ৮:১১ অপরাহ্ন, ২৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ দেশি-বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে মুসল্লিদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ডোনাল ট্রাম্পের কোরবানি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।

জাতীয় ঈদগাহ ময়দান প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেলের আওতায় আনা হয়েছে। মোট ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি ও নারী মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় দায়িত্বে থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য

প্রবেশ ও প্রস্থান ব্যবস্থাপনাতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য চারটি গেট এবং বের হওয়ার জন্য সাতটি গেট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নারী ও ভিআইপিদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমনের ব্যবস্থা থাকবে।

মুসল্লিদের সুবিধার্থে অজু, পানীয় জল, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলো, কার্পেট এবং জায়নামাজ সরবরাহসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের স্থান ও প্রবেশপথ রাখা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ফায়ার সার্ভিস, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট এবং পানি নিষ্কাশন ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পুরো ঈদগাহ এলাকা নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।