শিক্ষা ও দক্ষ মানবসম্পদই উন্নয়নের মূল চাবিকাঠি: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা, কর্মদক্ষতা এবং মানবসম্পদের উন্নয়ন ছাড়া কোনো দেশ টেকসই উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি।

শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের উত্থান সম্ভব হয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শিক্ষায় বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে। বাংলাদেশের উন্নয়ন যাত্রাকেও আরও গতিশীল করতে শিক্ষা খাতে গুরুত্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে।

তিনি শিক্ষক, অভিভাবক এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন শিক্ষা সহায়তা কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মির্জা ফখরুল বলেন, দেশের শিশু-কিশোররাই আগামী দিনের সম্পদ। তাদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে সমন্বিতভাবে ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। চীন বাংলাদেশের অবকাঠামো, অর্থনীতি ও উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলার কৃষি ও শিল্প খাতে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীরা।

মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে। তারা জেলার কৃষি, শিল্প ও সম্ভাব্য বিনিয়োগ খাতগুলো সরেজমিন পরিদর্শন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে পেরে চীন সরকার সন্তুষ্ট। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

চীনা রাষ্ট্রদূত আরও জানান, আগামী জুলাই-আগস্ট মাসে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করে কৃষি, শিল্প এবং বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়ন করবে। পাশাপাশি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।