ঢাকার বায়ু ও শব্দ দূষণ কমাতে নতুন নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ রোধে ইটভাটার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ কমাতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
এ ছাড়া রাজধানীতে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে হর্ন নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীর আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশনা দেন তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।





