প্রাপ্তবয়স্কদের ৫০ ও শিশুদের ২৫ টাকা টিকেট
আগামীকাল জুলাই-গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের অপেক্ষার পর বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরটির যাত্রা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা থাকবে এবং দর্শনার্থীদের আগেই অনলাইনে বুকিং করতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হবে। উদ্বোধনের প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।
তিনি জানান, ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামাল দিতে নির্দিষ্ট সময়ভিত্তিক (টাইম স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে আগ্রহীদের আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে।
আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
টিকিটের মূল্য সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, ব্যানার, প্ল্যাকার্ড, আন্দোলনে নিহত ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে।





